March 12, 2026, 4:00 pm

খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রো সংঘর্ষে নববধূসহ নিহত ১৩

বাগেরহাট: বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে নববধূসহ তিনজন নারী, তিনজন শিশুও রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনার কয়রায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোংলায় নিজেদের বাড়ি ফিরছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। আর মোংলা থেকে খুলনায় যাচ্ছিল নৌবাহিনীর বাসটি। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, পথিমধ্যে বেলাইব্রিজ নামক স্থানে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এর মধ্যে নয়জনের লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আর চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতদেরও উদ্ধার করে ওই দুই হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আর আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে নয়জনের লাশ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।

নিহতদের মধ্যে নববধূসহ তিনজনের বাড়ি কয়রা উপজেলায় বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা