February 28, 2026, 11:26 pm

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় পুলিশ সুপার যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জে জানুয়ারি ২০২৬ মাসের মামলাসমূহের অগ্রগতি নিয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মামলার অগ্রগতি তুলে ধরেন।

পরবর্তীতে বিকেল ৪টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্স সদস্যরা তাদের দাপ্তরিক ও সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলার সকল অফিসার ও ফোর্স পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।” এ জন্য তিনি জেলা পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে চুরি, ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে মোবাইল টিমগুলোকে কঠোর নজরদারির নির্দেশনা প্রদান করা হয়।

সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ এসআই, এএসআই, মাদক ও অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা, ক্লু-লেস মামলা উদ্ঘাটনকারী এবং ট্রাফিক প্রসিকিউশন অফিসারদের সম্মাননা প্রদান করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা