February 27, 2026, 10:48 pm

ইসরাইলে স্টিল্থ যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইসরাইলের বিমানঘাঁটিতে তাদের অত্যাধুনিক এফ-২২ র‌্যাপ্টর স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব যুদ্ধবিমান ইসরাইলের ভূখণ্ড ও সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষা করার উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে। সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ডেনিস রস বলেন, ইসরাইলের ঘাঁটি থেকে যুদ্ধবিমান পরিচালনা করা- এটিই প্রথম ঘটনা।

ইসরাইলে কেন যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র?

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটনের বিকল্প সীমিত হয়ে পড়ে। সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট অ্যাব্রামস বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক কিছু দেশের অনাগ্রহের কারণেই এমন সিদ্ধান্ত এসেছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাঁটি থেকে উড্ডয়ন করে এসব স্টেলথ জেট ইসরাইলে পৌঁছায়।

কৌশলগত পরিবর্তন

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরাইলে স্থায়ীভাবে আক্রমণাত্মক যুদ্ধবিমান মোতায়েন থেকে বিরত ছিল, যাতে আঞ্চলিক উত্তেজনা না বাড়ে। তবে আব্রাহাম অ্যাকর্ডসের পর ২০২১ সালে ইসরাইলকে ইউরোপীয় কমান্ড থেকে সরিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে নেওয়া হয়, যা দুই দেশের সামরিক সমন্বয় আরও জোরদার করে।

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় আলোচনা করেছে দুই দেশ। এদিকে এই আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসে দেয়া ভাষণে দাবি করেন, ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম হতে পারে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেনেভায় অনুষ্ঠিত তৃতীয় দফা আলোচনায় উভয় পক্ষ ‘গঠনমূলক প্রস্তাব’ বিনিময় করেছে।
বিশ্লেষকদের মতে, ইসরাইলে মার্কিন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যদিও কূটনৈতিক আলোচনা এখনো চলমান, তবুও আঞ্চলিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা