ডেস্ক রিপোর্টার ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত পুলিশ হত্যার ঘটনা দ্রুত তদন্তের আওতায় আনা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই কার্যকর হবে। ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছিল। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।
ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ঠাকুরগাঁও-১-এর মানুষ আমাকে মূল্যবান ভোট দিয়ে সমর্থন করেছেন। তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করে যাব।”