February 27, 2026, 10:50 pm

জামালপুরের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা, সাংবাদিকদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী মিল্লাত

মোহাম্মদ আসাদ-জামালপুর ।

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সাতটি উপজেলায় দৃশ্যমান উন্নয়নের সব প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, জেলার পাঁচটি আসনেই প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাই দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে জামালপুরের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করা হবে। এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মা নামাজের পূর্বে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়-এ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, জামালপুর জেলার উন্নয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্পের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জামালপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, নতুন শিল্প-কারখানা স্থাপন, দেওয়ানগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, বকশীগঞ্জের কামালপুর স্থলবন্দর উন্নয়ন এবং লাউচাপড়া পর্যটন কেন্দ্রের সম্প্রসারণ। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এম. রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, নদীভাঙন প্রতিরোধসহ গ্রামীণ জনপদের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। টেকসই উন্নয়নের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলেও সেবার পরিধি বাড়ানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জামালপুর জেলা প্রেসক্লাব-এর সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানা, এবং জামালপুর প্রেসক্লাব-এর সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রীকে জামালপুর সার্কিট হাউস-এ দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে বাংলাদেশ পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা শহর ত্যাগ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা