February 27, 2026, 10:49 pm

পাকিস্তান-আফগান সীমান্তে বড় সামরিক অভিযান, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট ।

ইসলামাবাদ, শুক্রবার: সীমান্তে মাসের পর মাস উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার পর পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই অভিযানকে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। অভিযানটি ‘অপারেশন গজব লিল হক’ নামে শুক্রবার ভোররাতে শুরু হয় বলে ইসলামাবাদ জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সীমান্তের ওপার থেকে ‘উসকানিমূলক গোলাগুলি’র জবাব দিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগান তালেবান খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউর সেক্টরে একাধিক স্থানে গুলি চালালে তার প্রেক্ষিতে ‘গজব লিল হক’ (অর্থাৎ ‘ন্যায়ের প্রতিশোধ’) অভিযান শুরু করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান বিমানবাহিনী নাঙ্গারহার প্রদেশে একটি গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটির দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। একই সময়ে ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং তালেবান দেশটির জনগণের স্বার্থে কাজ করবে—এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক রাখতে সরাসরি ও মিত্র দেশগুলোর মাধ্যমে সব ধরনের চেষ্টা করেছে। তবে এখন ‘ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে’।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে জঙ্গিগোষ্ঠীগুলো, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, পাকিস্তানই আফগানবিরোধী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে এবং আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ‘অপারেশন গজব লিল হক’ শুরু হওয়ায় দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখন আন্তর্জাতিক মহলের নজর কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা