ডেস্ক রিপোর্টার।
সুইজারল্যান্ড শিগগিরই রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় ও আমদানি পুরোপুরি নিষিদ্ধ করবে। দেশটির সরকার বুধবার এই ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, ২৫ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে আগে থেকে থাকা দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির ক্ষেত্রে চলতি বছরের শেষ পর্যন্ত একটি রূপান্তরকাল প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানি বিক্রি থেকে রাশিয়ার আয় কমানো, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের প্রধান উৎস।
গত বছরের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ১৯তম দফার একটি নিষেধাজ্ঞা প্যাকেজ গ্রহণ করে। বুধবার সুইস সরকার সেই প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করে।
ইইউ’র সদস্য না হলেও চার বছর আগে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই সুইজারল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোর সঙ্গে মিল রেখে পদক্ষেপ নিয়েছে। আর্থিক খাতে অতিরিক্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যা এ সপ্তাহেই কার্যকর হবে। এর মধ্যে রয়েছে রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের জন্য ক্রিপ্টোকারেন্সি সেবা প্রদান নিষিদ্ধ করা।
বুধবার গৃহীত অন্যান্য ব্যবস্থার মধ্যে রয়েছে ইইউ স্বীকৃত রুশ কূটনীতিকদের ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর করা। এখন থেকে সুইজারল্যান্ডে প্রবেশ বা ট্রানজিটের আগে তাদেরকে আগাম নোটিশ দিতে হবে।