ডেস্ক রিপোর্টার ।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের দিন তিনি কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্তা দেন।
গভর্নরের এসব বার্তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্যান্য গভর্নরের মতো নতুন গভর্নরও নিয়মিতভাবে গণমাধ্যমের সামনে উপস্থিত হবেন না।
তবে তিনি স্পষ্ট করেছেন, বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমবান্ধব অবস্থানেই থাকবে এবং তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা বজায় রাখবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গভর্নরের অন্যতম বার্তা হলো—অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলতে যেসব সংস্কার উদ্যোগ নিয়েছিল, সেগুলো ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।
এছাড়া ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিকূলতা ও রোষানলে বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা পুনরায় চালু করতে নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন গভর্নর।
সবশেষে তিনি দেশের ব্যাংক খাতে ঋণের সুদের হার কমিয়ে আনা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কেন্দ্রীয় ব্যাংক জোর দেবে বলেও বার্তা দেন।