দুই দিনের সফরে ইসরায়েলে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর মন জয় করার জন্য তাকে একের পর এক চমক দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোদি ইসরায়েলে পৌঁছালে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নৈশভোজে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে মোদিকে চমক দেন নেতানিয়াহু। তিনি গতকাল পাথরের রঙের নেহেরু জ্যাকেট পরেছিলেন। এটি ভারতে মোদি জ্যাকেট হিসেবেও পরিচিত। এ ছাড়া নেতানিয়াহু গতকাল লম্বা হাতার কুর্তা-স্টাইলের শার্ট পরেন।
এই পোশাকে নেতানিয়াহু মোদির সামনে হাজির হন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন নেতানিয়াহু। তিনি লিখেছেন, যৌথ নৈশভোজের আগে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আমি আমার বন্ধু মোদিকে চমক দিয়েছি।
এর আগে মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের একটি বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। এর মাধ্যমে ইসরায়েলি সংসদে বক্তৃতা দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখান মোদি।
গতকাল নেসেটে পৌঁছানোর পর মোদিকে ইসরায়েলি স্পিকার আমির ওহানা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। মোদির ভাষণ দেওয়ার আগে, নেতানিয়াহু, দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং স্পিকার ওহানা পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। তারা সবাই ভারত-ইসরায়েল সম্পর্কের প্রতি দৃঢ় দ্বি-দলীয় সমর্থন ব্যক্ত করেন।