এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের আওতাধীন এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজাস্থিত কল্যানী খাল দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) খালটির সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম শুরু হয়। সরেজমিনে তদন্ত করে দেখা যায়, হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজার আরএস ৪৪৯ ও ৩৪৪ নম্বর দাগে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রায় ১,০০০ ফুট এলাকাজুড়ে সীমানা নির্ধারণ করা হয়েছে।
এর আগে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে উপজেলাবাসীকে রক্ষার লক্ষ্যে খালটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। পরিদর্শনকালে খালের বিভিন্ন স্থানে অবৈধ দখলের বিষয়টি তার নজরে আসে।
তাৎক্ষণিকভাবে তিনি ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূরকে খালের সীমানা চিহ্নিত করে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের নির্দেশনা প্রদান করেন।