February 24, 2026, 10:58 pm

পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে মাঠ পর্যায়ে পুলিশের মধ্যে ব্যাপক ক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।
তড়িঘড়ি করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে মাঠ পর্যায়ে পুলিশের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরে সংগঠনটি বলছে, অধস্তন পুলিশ সদস্যদের উপলব্ধি, মাঠপর্যায়ে সংগৃহীত মতামত, বাস্তব অভিজ্ঞতা এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে আমরা দৃঢ়ভাবে মনে করি বর্তমান ইউনিফর্ম প্রত্যাশিত গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে এবং বিষয়টি পুনর্বিবেচনা করা অনন্ত জরুরি। সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পুলিশের পোশাক কেবল একটি আনুষ্ঠানিক পরিধান নয় এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব, জনআস্থা, নিরাপত্তা ও পেশাগত মর্যাদার প্রতীক। দীর্ঘদিন ব্যবহৃত ঐতিহ্যবাহী ইউনিফর্মটি জনগণের নিকট আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত ছিল। সেই পরিচিত রং নকশা ও দৃশ্যমানতা পুলিশের তাৎক্ষণিক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন ইউনিফর্মে সেই স্বতন্ত্রতা ও ঐতিহ্যগত ধারাবাহিকতা বজায় থাকেনি-যা বহু নাগরিক ও পুলিশ সদস্যের মতামতে প্রতিফলিত হয়েছে। প্রায় সোয় দুই লক্ষাধিক অধস্তন পুলিশের প্রাণের সংগঠন বাংলাদেশ পুলিশ আসোসিয়েশনের পক্ষ থেকে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মতামত বিশ্লেষণে দেখা যাচ্ছে, বর্তমান পোশাকের কাপড়ের গুণগত মান, আরামদায়কতা আবহাওয়াগত উপযোগিতা এবং দীর্ঘ সময় দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য-এসব ক্ষেত্রে নেতিবাচকতা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া, দায়িত্ব পালনের প্রকৃতি এবং দিন-রাতে দৃশ্যমানতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচিত না হলে তা আইনশৃঙ্খলা রক্ষার কাজে প্রভাব ফেলছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিশেষভাবে উল্লেখযোগ্য পুলিশের ইউনিফর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দ্রুত ও স্পষ্ট শনাক্তযোগ্যতা। নতুন পোশাক তুলনামূলকভাবে কম দৃশ্যমান হওয়ায় দূর থেকে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে বলে মাঠপর্যায়ের পুলিশ সদস্যগণ এবং জনসাধারণ জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তাৎক্ষণিক শনাক্তকরণ জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন ইউনিফর্মের রং ও নকশা বিভিন্ন বেসরকারি নিরাপত্তাকর্মীদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এতে পুলিশের স্বতন্ত্র মহানি ও তাৎক্ষণিক পরিচিতি ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে-যা একটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কাম্য নয়।

বিবৃতিতে আরো বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা হিন অবস্থায় অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে, যা পূর্বের ইউনিফর্মের কার্যকারিতা, গ্রহণযোগ্যতা ও বাস্তবসম্মত উপযোগিতারই প্রমাণ বহন করে। বাংলাদেশ পুলিশ আসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে-ইউনিফর্ম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তন সদস্যদের অভিজ্ঞতা, আবেগ, পেশাগত বাস্তবতা ও ঐতিহ্যকে যথাযথ গুরুত্ব দেওয়া আবশ্যক। হঠাৎ পরিবর্তনের ফলে সদস্যদের আত্ম মর্যাদা, গর্ব ও পেশাগত পরিচয়ের সঙ্গে জড়িত ঐতিহ্যগত সংযোগে ব্যাঘাত ঘটেছে বলে ব্যাপকভাবে প্রতীয়মান হয়েছে। তাই পুলিশ সদস্যদের মতামত মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং জনমতের আলোকে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে পুলিশের মর্যাদা, পেশাদারিত্ব ও জনআস্থা রক্ষার্থে পূর্বের অধিক গ্রহণযোগ্য, দৃশ্যমান ও স্বতন্ত্র ইউনিফর্ম পুনর্বহালের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা