ডেস্ক রিপোর্টার ।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। সোমবার তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস এ সংক্রান্ত একটি সতর্কবার্ত জারি করেছে। সেখানে বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করুন। এ খবর দিয়েছে এনডিটিভি।
এই নির্দেশনা ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
দূতাবাসের সতর্কবার্তায় সকলকে সতর্ক এবং বিক্ষোভ সমাবেশ বা এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথা জানানো হয়েছে।
দূতাবাসের নির্দেশনায় সকল ভারতীয়কে পাসপোর্ট ও পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথি হাতের কাছে রাখতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার থেকে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। জানুয়ারিতে সরকারবিরোধী সমাবেশে নিহতদের ৪০ দিন পূর্তি উপলক্ষে স্মরণসভাকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যানুযায়ী, রাজধানী তেহরানের পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং মাশহাদের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।