মোহাম্মদ আসাদ-জামালপুর ।
বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ অফিসকে বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ “পাবলিক টয়লেট” ঘোষণা করে। তবে পরে ওই সাইন বোর্ডটি অপসারণ করা হয়েছে। কে বা কারা সাইন বোর্ড সরিয়েছে তা এখনো জানা যায়নি।
জানা যায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জয় বাংলা স্লোগান দিয়ে অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন ও ভাষা শহীদদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ অন্যান্য নেতা ও সদস্যবৃন্দ।
ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি শাহরিয়ার সুমন অফিসকে “পাবলিক টয়লেট” ঘোষণা করেন। ২১ ফেব্রুয়ারি বিকেলে বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে মিছিলকারীরা দলীয় ও জাতীয় পতাকা অপসারণ করে অফিসের সামনে আগুন ধরান এবং সাইন বোর্ড ঝুলিয়ে দেন।
কিন্তু পরের দিন ২২ ফেব্রুয়ারি সকাল থেকে অফিসে “পাবলিক টয়লেট” লেখা সাইন বোর্ডের কোনো সন্ধান পাওয়া যায়নি।