মোহাম্মদ আসাদ-জামালপুর ।
দীর্ঘ ১৮ মাস পর বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় এলাকাবাসী।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াত জানান, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল।