মোহাম্মদ আসাদ-জামালপুর ।
জামালপুরে পুলিশের চেকপোস্টে একটি ট্রাক থামানোকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে সড়কের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইসতিয়াক আহম্মেদ। এ সময় তাদের সঙ্গে থাকা শিশু আবারর অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা শেরপুরগামী একটি ট্রাককে থামার সংকেত দেন। এ সময় পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। হামলায় বকশীগঞ্জ থানা পুলিশের সদস্য ইমরান ও আমিনুল আহত হন।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।