February 20, 2026, 10:59 pm

অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

সমকাল
দৈনিক সমকালের শিরোনাম “সহিংসতা বেশি খুলনায়, কম সিলেট ও ময়মনসিংহে”। খবরে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ সদরদপ্তরের হিসাবে নির্বাচন-পরবর্তী চার দিনে সারাদেশে ৮৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন চারজন ও আহত অন্তত ২০৩ জন। এসব ঘটনায় ১৫টি মামলা ও ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গ্রেপ্তার সংখ্যা ১১ জন। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে খুলনা বিভাগে। এই সংখ্যা ২৬। দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ, ১৮টি সহিংসতা ঘটেছে। ঢাকা বিভাগ তৃতীয় স্থানে, সহিংস ঘটনা ১৩টি। চতুর্থ স্থানে চট্টগ্রাম বিভাগে ৯টি ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশাল বিভাগে ছয়টি, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুটি করে সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, গত ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি চার দিনে সারাদেশে ৮৪টি সহিসংতার ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্বাচনের পরদিন ১৪টি, দ্বিতীয় দিন ৪০টি, তৃতীয় দিন ১৫টি ও চতুর্থ দিনে ১৫টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ১৪টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং

তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। দুটি স্থাপনা ও একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ ও মারধরের ঘটনা ৪৪টি। সহিংসতায় নিহত হন চারজন। আহত ২০৩ জনের মধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন স্থানীয় হাসপাতালে। এসব ঘটনায় ১৫টি মামলার পাশাপাশি ২৫টি জিডি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম — অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়। এই প্রতিবেদনে বলা হয়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের দেড় বছরে মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে। যার মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা এসব অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে আইনে রূপান্তর করতে হবে। না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াসহ সব কাজের সঙ্গে বিএনপি পূর্ণ একমত ছিল না। ফলে সব অধ্যাদেশ আইনে রূপান্তর হবে কি না, এ প্রশ্ন দেখা দিয়েছে।

সাবেক সরকারি কর্মকর্তা ও আইনজীবীরা বলছেন, রাষ্ট্রের গুণগত সংস্কার ও জনস্বার্থমূলক অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা উচিত। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার কোন কোন অধ্যাদেশ আইনে পরিণত করবে, এখনকার প্রেক্ষাপট বিবেচনায় হয়তো সেই সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে নিজেদের সংস্কারনীতি ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোকে সরকার স্বাভাবিকভাবে এড়িয়ে যেতে পারে বলে মনে করছেন তারা।

বণিক বার্তা

দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম- চলমান প্রতিরক্ষা চুক্তি সম্পন্নে প্রধানমন্ত্রীর নিষ্পত্তিমূলক পদক্ষেপ প্রত্যাশা ট্রাম্পের। এই খবরে বলা হয়, বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভকামনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার চিঠি দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার চিঠিটি তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে। পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে চিঠিতে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, যা দুই দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য সুফল বয়ে আনবে।
সেই সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতেও তারেক রহমানের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন বলে মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে উল্লেখ করেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের চিঠি দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের বার্তা দিচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সংশ্লিষ্টরা। তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের বিদ্যমান ব্যবসা-বাণিজ্যকে অগ্রাধিকার দেয়া পররাষ্ট্রনীতির আলোকেই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। নতুন নীতি নিয়ে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে ধরনের যোগাযোগ বজায় রেখে চলেছেন, তার ধারাবাহিকতায় তিনি তারেক রহমান বরাবর চিঠিটি লিখেছেন।

প্রথম আলো
প্রথম আলোর প্রধান শিরোনাম — এক মাসেই মশা বেড়েছে ৪০%।
এই প্রতিবেদনে বলা হয়, ঢাকায় মশার উপদ্রব শুধু বেড়েই চলেছে এমন নয়; বরং তা মারাত্মক মাত্রা ছুঁয়েছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা ৪০ শতাংশের বেশি বেড়েছে। আর মশার ৯০ শতাংশই কিউলেক্স। মার্চে মশার পরিমাণ আরও বাড়তে পারে বলেও বিশেষজ্ঞদের ধারণা।

বাংলাদেশে সাধারণত তিন প্রজাতির মশার বিস্তার দেখা যায়—কিউলেক্স, এডিস ও অ্যানোফিলিস। এর মধ্যে কিউলেক্সের বিস্তারই বেশি।কিউলেক্সের কামড়ে ফাইলেরিয়া বা গোদরোগ ও জাপানি এনসেফালাইটিস হয়। তবে এ দুটি রোগ দেশে ততটা প্রকট নয়।
এডিসের কামড়ে ডেঙ্গু ও অ্যানোফিলিসের কামড়ে ম্যালেরিয়া হয়। গবেষকেরা বলছেন, তিন কারণে এবার মশার প্রকোপ বেড়েছে।

প্রথমত, এবার শীতের মাত্রা কম আর স্বাভাবিকের চেয়ে একটু আগেই শীত বিদায় নিয়েছে। আবার এ বছর মশার প্রকোপ আগেই শুরু হয়েছে।দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর দুই সিটি করপোরেশনে জনপ্রতিনিধির অভাবে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি এগোচ্ছে না।

এছাড়া, মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেনের উদ্যোগের বিষয়ে আলাদা দুইটি খবরও প্রথম পাতায় প্রকাশ করেছে পত্রিকাটি।
যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগের বিষয়ে বলা হয়েছে, অভিযানে মশা মরছে না, উপায় খুঁজতে কমিটি করা হয়েছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মশা নিধন কর্মীর তালিকায় রয়েছে মৃত ব্যক্তির নাম-ও।

দেশ রুপান্তর
ঈদের আগেই ফ্যামিলি কার্ড- এটি দেশ রুপান্তরের প্রধান শিরোনাম। এই প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এদিকে বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভা শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে।

সমকাল
সমকালের প্রধান শিরোনাম- ইশতেহার ধরে ১৮০ দিনের পরিকল্পনা তৈরির কাজ শুরু।
এই প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। বিএনপির নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে শাসনব্যবস্থা পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণ, বাকস্বাধীনতা, অর্থনীতি পুনরুদ্ধারের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও কাজ শুরু হয়েছে। মন্ত্রীরা খুব শিগগিরই তাদের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা