February 16, 2026, 10:39 pm

বকশীগঞ্জে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ !

জামালপুর প্রতিনিধি । 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট দিতে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের প্রতিবাদ করায় বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অপপ্রচারের প্রতিবাদে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।

সংবাদ সম্মেলনে বিপ্লব সওদাগর বলেন, জাতীয় নির্বাচনে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীরা ভোটগ্রহণ শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি অভিযোগ পান যে বকশীগঞ্জের যশোদা বাসে নির্ধারিত ৫৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তিনি অতিরিক্ত আদায় করা টাকা ফেরত দেন। এতে ক্ষুব্ধ হয়ে ‘ফ্যাসিস্টদের দোসররা’ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু করে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন এবং তার ভাই পরিবহন খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। তারা এখনো চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর যাত্রীদের ভোগান্তি হয়—এমন কোনো কাজ করেননি এবং চাঁদাবাজি বন্ধ করেছেন বলে দাবি করেন বিপ্লব সওদাগর। যাত্রীদের পাশে দাঁড়ানোই তার বিরুদ্ধে অপপ্রচারের কারণ বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া সাবেক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চাঁদাবাজি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে চাঁদাবাজি করতে না পেরে তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন বিপ্লব সওদাগর। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মনিরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা