April 19, 2026, 6:16 pm

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মর্জিনা নামে এক নারী মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। সোমবার (১০ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে সবুজ মিয়াকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া সবুজ মিয়া চাঁদপুর জেলার কচুয়া থানার আলিয়ারা আছিমপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। বর্তমানে সে পশ্চিম সানারপাড় ব্যাংক কলোনীর গণি মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সানারপাড় রহিম মার্কেটের সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় সবুজ মিয়াকে আটক করা সম্ভব হলেও মর্জিনা নামে তার এক সহযোগী পালিয়ে যায়। জানা যায়, মর্জিনা বাগমারা এলাকার কাশেমের স্ত্রী।
আটককৃত সবুজ মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৩০০ টাকা বলে জানায় পুলিশ ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেফতারকৃত সবুজ মিয়া ও পলাতক মর্জিনা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কৌশলে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক মর্জিনাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা