বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ প্রকাশ: জুন ১৫, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে জাকারিয়া আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার আব্দুস ছবুর তপাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় নানা অপরাধে জড়িত ছিল। যদিও তিনি পুলিশের কোনো ইউনিটেই কখনও কর্মরত ছিলেন না।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে জাকারিয়া বিয়ে করেন। তার স্ত্রী তার ভুয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তাকে নজরদারিতে রাখে।

তিনি আরও বলেন, তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ‘জাকির আহমেদ চৌধুরী’ নামে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদবির একটি ভুয়া আইডি কার্ড এবং পুলিশের টুপি উদ্ধার করা হয়।

ওসি লিয়াকত আলী বলেন, রূপগঞ্জ থানায় গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এছাড়া অন্য থানায় তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।